সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা শারীরিক সামর্থ্য তাঁর নেই।
আইনজীবী আরও বলেন, নাহিদ অসুস্থ ও বয়স্ক। জামিন পেলে তিনি পলাতক হবেন না। এসব বিবেচনায় তাঁর জামিন প্রার্থনা করেন আইনজীবী।
তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন।
এর আগে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকাল ৩টার দিকে উত্তরার পশ্চিম থানা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলিও চালানো হয়। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। সেই মামলাতেই গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন সোমবার নাকচ হলো।
