যেভাবে শেখ মোহাম্মদ আসলাম থেকে ‘সুইডেন আসলাম’
সংগৃহীত ছবি
একসময় স্কুলের হয়ে আন্তজেলা ফুটবল খেলতেন শেখ মোহাম্মদ আসলাম। কলেজজীবনে জড়িয়ে পড়েন অপরাধে। আশির দশকে খুনের অভিযোগ দিয়ে শুরু, এরপর ঢাকার অপরাধজগতের প্রভাবশালী নাম হয়ে ওঠা। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েও আলোচনায় ছিলেন তিনি। এবার বিমানবন্দরে গ্রেপ্তার হলেন টিটন হত্যা মামলায়।
একসময় ফুটবল মাঠে ছিল তার পরিচিতি। তেজগাঁওয়ের স্কুলের হয়ে আন্তজেলা ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় জীবনের গতিপথ। ফুটবলের মাঠ ছেড়ে জড়িয়ে পড়েন অপরাধজগতে। একের পর এক খুনের অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড আর আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে পরিচিত হয়ে ওঠেন ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে। সেই শেখ মোহাম্মদ আসলামই একসময় হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’।
১৯৯৭ সালের ২৬ মে। নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে করে নেওয়া হচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। ভ্যানটির পিছু নিয়ে পুলিশ পৌঁছে যায় গন্তব্যে। সেখানে গিয়ে গ্রেপ্তার করা হয় শেখ মোহাম্মদ আসলামকে।
তখন তাঁর বয়স ৩৫ বছর। সেই গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারেই কাটে তার জীবন। প্রায় ২৭ বছর বন্দিজীবন শেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগারের বাইরে থাকার সময়ও বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তার নাম আলোচনায় আসে।
অবশেষে রোববার দিবাগত রাতে আবারও গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম। এবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ফুটবলার থেকে অপরাধজগতে
সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। স্বাধীনতার পর তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তার বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন।
আসলামের পড়াশোনা তেজগাঁও পলিটেকনিক স্কুলে, বর্তমানে যার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়। স্কুলজীবনে ফুটবল খেলায় ভালো ছিলেন তিনি। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন।
এসএসসি পাসের পর ভর্তি হন তেজগাঁও কলেজে। বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কলেজজীবন থেকেই অপরাধে জড়িয়ে পড়েন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তার নাম আসতে থাকে। ধীরে ধীরে ঢাকার অপরাধজগতে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
আশি ও নব্বইয়ের দশকে রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক অপরাধী গোষ্ঠীর উত্থান ঘটে। রাজধানীর বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন সন্ত্রাসী। সেই সময় আলোচিত হয়ে ওঠেন সুইডেন আসলামও।
২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। ওই তালিকায় ঢাকার বিভিন্ন এলাকার অপরাধীদের নাম থাকলেও আসলামের নাম ছিল না। তবে ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।
যেভাবে নামের আগে ‘সুইডেন’
শেখ আসলামের নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের ঘটনা।
আসলামের পরিচিতজন, পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা যায়, তার প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সুইডেনে যান। সেখানে কয়েক বছর অবস্থান করে দেশে ফেরেন। এরপর থেকেই রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে।
পরবর্তী সময়ে পুলিশের নথি, মামলার কাগজপত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই নামই ব্যবহৃত হতে থাকে।
ইতির সঙ্গে আসলামের সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিভিন্ন প্রতিবেদনে তাকে অপরাধজগতের সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই হত্যা মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল।
সে সময় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছিল, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাকে হত্যা করেন আসলাম-এমন অভিযোগ উঠেছিল। পরে আসলাম নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন। ২০২২ সালে প্রকাশিত একটি সংবাদপত্রের লেখায় বলা হয়, সিমি বর্তমানে নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।
১২ মামলা থেকে ২২ মামলার হিসাব
সুইডেন আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, কতটিতে তিনি খালাস পেয়েছেন এবং কতটি এখনো বিচারাধীন, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তার কারামুক্তির সময় প্রকাশিত বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ছিল।
এর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কারা প্রশাসনের মহাপরিদর্শককে পাঠানো চিঠির বরাতে বলা হয়েছিল, আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১১টিতে তিনি খালাস পেয়েছেন। একটি মামলা তখন বিচারাধীন ছিল।
সেই মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা মামলা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দেয়। এই মামলাতেই তাঁর জামিন হয়নি।
মামলাটির বিচারপ্রক্রিয়াও দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। ২০১৫ সালের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গালিবের স্ত্রী শম্পা ২০০৩ সালের ১৫ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন। ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর সাক্ষ্য দেন চুন্নু মিয়া নামে আরেকজন। এরপর দীর্ঘ নয় বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি।
২০২৪ সালে আসলাম জামিনে মুক্ত হওয়ার সময় পর্যন্ত মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
কারাগারে থেকেও অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ
দীর্ঘ কারাবাসের সময়ও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় অপরাধজগতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি, এমন অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।
২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। পরে একটি গোয়েন্দা সংস্থা তার মুঠোফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তার ব্যবহৃত মুঠোফোনের কলের তালিকাসহ একটি গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশকে পাঠানো হয়েছিল। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তার হয়ে কাজ করতেন বলেও উল্লেখ ছিল।
জামিনে মুক্তি, আবারও গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতার মধ্যে জামিনে মুক্তি পান একাধিক আলোচিত শীর্ষ সন্ত্রাসী। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদপুরের পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, মিরপুরের কিলার আব্বাস এবং সুইডেন আসলাম।
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আসলাম। তখন তার বয়স ৬২ বছর। কারাগারের ফটকে অপেক্ষায় ছিলেন স্বজনেরা। তাদের সঙ্গে ঢাকায় ফেরেন তিনি।
তবে মুক্তির পর তার নাম আবারও ঢাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় আলোচনায় আসতে থাকে। পুলিশও তার চলাচলের ওপর নজরদারি বাড়ায়। গত ২৯ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। এবার সেই হত্যা মামলায় আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি বিভিন্ন ঘটনায় সুইডেন আসলামের নাম আসছিল। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই ব্যবস্থার কারণেই বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
একসময় স্কুলের ফুটবল মাঠে প্রতিভার পরিচয় দেওয়া শেখ মোহাম্মদ আসলামের জীবনের পরবর্তী অধ্যায় কেটেছে অপরাধের অভিযোগ আর দীর্ঘ কারাবাসে। প্রায় ২৭ বছর কারাগারে থাকার পর মুক্তি পেলেও আবারও জড়িয়ে পড়েছেন মামলার ঘটনায়। বিমানবন্দরে সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে সেই নাম‘সুইডেন আসলাম’।
