ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, উদ্ধার ১১ হাজারের বেশি ইয়াবা
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, এসআরইউ সাতজন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে চারটি ককটেল, বিস্ফোরিত ১৩টি ককটেলের অংশবিশেষ, দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
