ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৫, উদ্ধার ককটেল-ইয়াবা
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা হয়েছে। অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের অংশবিশেষ, ৬৬৯টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া লালবাগ ও মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন করে, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৩ জন, গুলশান ও উত্তরা বিভাগ থেকে ৩৮ জন করে এবং রমনা বিভাগ থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি একটি গাঁজা কাটার মেশিনও উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল ও এর অংশবিশেষের বিষয়টিও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
