লালবাগে বিপ্লব হত্যাকাণ্ড: ছুরি-চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেন (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মাইনু (২৬) এবং আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।
ডিএমপি জানায়, গত ১ নভেম্বর দুপুর ২টার দিকে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় এ হত্যাকাণ্ড ঘটে। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আসামিরা বিপ্লব হোসেনকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
