ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪১, উদ্ধার বিদেশি পিস্তল-ইয়াবা
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৯ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, ওয়ারী বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬০ জন, লালবাগ বিভাগে ৬১ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। এ ছাড়া ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
