অক্টোবরে ডিএমপির আদালতে ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি
সংগৃহীত ছবি
ঢাকা মহানগরে অপরাধ দমন ও ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার কার্যক্রমে গত অক্টোবর মাসে মোট ১১ হাজার ৭৫৩টি ফৌজদারি ও ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে আসামিদের কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবর মাসে মহানগর পুলিশের মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে অক্টোবর মাসে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অক্টোবর মাসে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়েছে। এ সময়ে ট্রাফিক-সংক্রান্ত মোট ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তি করে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ডিএমপি জানিয়েছে, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
