তাহসিফ হত্যা: তিন দিন পর বাবার হত্যা মামলা
সংগৃহীত ছবি
তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় তিন দিন পর হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তিনি এ মামলা করেন। মামলাটি তদন্ত করবে নৌ পুলিশ।
উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
নৌ পুলিশের এসপি মাসুমা আক্তার জানিয়েছেন, মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে। তবে এখনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়নি।
এর আগে মামলা করার বিষয়ে অনীহার কথা জানিয়েছিলেন তাহসিফের বাবা। শুক্রবার রাতে মামলা করার কয়েক ঘণ্টা আগেও তিনি বলেছিলেন, মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন। সরকারের বিভিন্ন সংস্থা আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মামলা হলে আদালতে দৌড়াদৌড়িসহ নানা ঝামেলায় পড়তে হয়।
তাহসিফ দেশের সম্পদ ছিলেন উল্লেখ করে তার বাবা আশা প্রকাশ করেন, সরকার তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে।
এদিকে তাহসিফের সঙ্গে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এখনো উত্তরখান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী, তা এখনো জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাহসিফের বাইক উদ্ধারের সূত্র ধরে তদন্তে নতুন তথ্য সামনে আসে। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই।
পিবিআইয়ের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় তাহসিফ ও দীপের অবস্থানের সময় পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। এ সময় দীপ তুরাগ তীরে বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে গিয়ে লুকান। আর তাহসিফ নদে ঝাঁপ দেন। পরে দীপ সেখান থেকে চলে যান এবং রাত আড়াইটার দিকে নিজের বাসায় ফেরেন।
তবে ওই রাতে কেন তারা সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পিবিআই। সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান শুক্রবার জানিয়েছিলেন, দীপের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত বুধবার বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। নিজের মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর তার সঙ্গে কী ঘটেছিল, তা নিয়ে তদন্ত চলছে।
