পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট
সংগৃহীত ছবি
পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে জনস্বার্থে রিটটি দায়ের করেন সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।
রিটে বলা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক গঠন, তীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পদ্মা সেতু এবং সংশ্লিষ্ট জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ সুরক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
পদ্মা নদী দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হলে নদীতীরবর্তী মানুষের বসবাস, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ কারণে পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বৈজ্ঞানিক মূল্যায়ন ও নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
মওসুসের মতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা জরুরি। জনস্বার্থে দায়ের করা এই রিটের মাধ্যমে পদ্মা নদী রক্ষায় প্রয়োজনীয় আইনসম্মত পদক্ষেপ গ্রহণের বিষয়টি আদালতের বিবেচনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
