নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার ৭
সংগৃহীত ছবি
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ১৪ থেকে ১৬ অক্টোবর রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবেশপত্র, ব্যাংকের চেক, স্ট্যাম্প, সনদপত্র, মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর ২৪২টি শূন্যপদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আবেদন করেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। পরীক্ষা সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে এসআরবি। তদন্তের সূত্র ধরে প্রথমে মতিঝিল এলাকা থেকে রুবেল ইসলাম, মফিজুল ইসলাম ও হাসিনুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য এবং মুঠোফোনের কথোপকথন পর্যালোচনা করে উত্তরখান, মিরপুর-১০, সাভার ও মোহাম্মদপুর এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরিবেশ অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রশ্নপত্র সংগ্রহ, উত্তর প্রস্তুত ও বিতরণ করত।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ টাকার ১১৬টি ও ৫০ টাকার চারটি স্ট্যাম্প, প্রশ্নপত্রের এক সেট, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্রের ১৯ পাতা, বিভিন্ন ব্যাংকের ৪৯টি চেকপাতা, সনদপত্র, ছয়টি জাতীয় পরিচয়পত্র, আটটি মুঠোফোন এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
