মেডিকেল ছাত্রকে গুলি করা সেই শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজছাত্র আরাফাত আমিন তমালকে (২২) গুলি করায় শিক্ষক রায়হান শরীফের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে আহত তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে তিনি উল্লেখ করেন, তার ছেলে আরাফাত আমিন তমাল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে অধ্যায়ন করছে। সোমবার বিকেলে তমালের বন্ধু আক্তারুজ্জামান ফোন করে তমাল হাসপাতালে ভর্তি আছে বলে জানায়। খবর পেয়ে বগুড়ার ধনুট উপজেলার ধামাচামা গ্রাম থেকে সিরাজগঞ্জে গিয়ে ছেলেকে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সংকটাপন্ন অবস্থায় দেখেন তিনি।

তমালের সহপাঠীরা জানান, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক রায়হান শরীফ ছাত্র ও শিক্ষকদের সঙ্গে রূঢ় আচরণ করেন। তিনি সবসময় ব্যাগে অস্ত্র ও ছোরা নিয়ে ক্লাসে আসতেন। অস্ত্র টেবিলের ওপর রেখে ক্লাসে লেকচার দিতেন। ছাত্রছাত্রীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসে না আসতে বললে তিনি তাদের ভয়-ভীতি ও গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরীক্ষা চলাকালে বিকেল তিনটার দিকে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির এক পর্যায়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে তমালকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। গুলিটি তার ডান পায়ের উরুর উপরের অংশে গিয়ে বিঁধে। এতে তমাল গুরুতর জখম হয়।
