ডিএমপিতে ৪১৯ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ১৪ কেজি গাঁজা, ৯১৪টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইনও জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
