রাজধানীর উত্তরা থেকে ‘ইয়াবা কামরুল’ গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা কামরুল মাতুব্বর ওরফে ‘ইয়াবা কামরুলকে' (৩৮) রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ অভিযানে গত ৮ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পূর্ব থানাধীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত কামরুল মাতুব্বর ফরিদপুর জেলার সদরপুর থানার দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। একটি মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
অপরদিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী আরেক মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত কামরুল মাতুব্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইসডু মাতুব্বর।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
