জামিনে মুক্ত হলেন আলাল
জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২১ফেব্রুয়ারি) বিকেলে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নানা স্লোগানে বরণ করে নেন। সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলাল।
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম বলেন, ১৮ ফেব্রুয়ারি তাঁর মক্কেল মোয়াজ্জেম হোসেন সাজা হওয়া মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান। এর আগে পৃথক চারটি মামলায় মোয়াজ্জেম জামিন পেয়েছিলেন। সব মামলায় জামিন পাওয়ার পর আজ বুধবার বিকেলে তিনি কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। রিমান্ড শুনানিতে সেদিন মোয়াজ্জেম আদালতকে জানিয়েছিলেন, তিনি কিডনি রোগে ভুগছেন। পরে গত বছরের ৩১ ডিসেম্বর পুরোনো একটি মামলায় মোয়াজ্জেমের তিন বছর কারাদণ্ড দেন আদালত।
