মানবপাচার: ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়েছে
মানবপাচার আইনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে। আজ মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় প্রতিবেদন পেছানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।
এর আগে দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করে সিআইডি।
এরপর একই বছরের ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের কারা জড়িত, তা জানার জন্য ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিআইডি গত জুলাই মাসে আজম খান ও তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া গ্রেফতার করা হয় আজমের প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিনকে।
সম্প্রতি গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা গডফাদার হিসেবে বাড্ডার সজীব ও ময়মনসিংহের অনীকের নাম বলেন। আজম খান জবানবন্দিতে বলেন, তাদের দুইজনেরই দুবাইতে ড্যান্স বার আছে।
