‘আদালত অবমাননা’র অভিযোগে সারজিসকে লিগ্যাল নোটিশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়— এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘আদালত অবমাননা’র অভিযোগ এনে তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।
শনিবার (২৪ মে) ডাকযোগে এবং সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোটিশটি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে দেশের প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সারজিসকে। একইসঙ্গে প্রেস কনফারেন্স করে দুই ঘণ্টার মধ্যে জাতির সামনে ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) একটি ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন,
“টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীলীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।
শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে।
অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?
প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!
এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনো ভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করে, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। সেই রিট বৃহস্পতিবার সরাসরি খারিজ করে হাইকোর্ট। এরপরই সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সকাল ১১টা ৪৯ মিনিটে একটি প্রতিক্রিয়া দেন, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়।
নোটিশদাতা আইনজীবীর দাবি, ওই মন্তব্যে বিচার বিভাগের প্রতি প্রকাশ্য অসম্মান প্রদর্শন করা হয়েছে, যা আদালতের মর্যাদা হানিকর এবং স্পষ্টভাবে আদালত অবমাননার শামিল।
