১৬ বছর পর মুক্তি পেলেন ১৬৮ বিডিআর সদস্য
ঢাকা কেন্দ্রীয় কারাগার
দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন ১৬৮ জন বিডিআর সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর-১, কাশিমপুর-২ এবং হাইসিকিউরিটি কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান, ১৬৮ জনের তালিকা হাতে পাওয়ার পরই মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত ১৭৮ জনের নাম প্রকাশ করে।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ভয়াবহ বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।
২০১৭ সালে হাইকোর্ট হত্যা মামলার আপিলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। কিন্তু এই মামলার রায়ের অপেক্ষায় বিস্ফোরক মামলার বিচার কার্যত স্থগিত ছিল। বিস্ফোরক মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হলেও দীর্ঘসূত্রতায় তা আটকে যায়।
