কারাগারে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক দিনের রিমান্ড শেষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডে দ্বীন ইসলাম কিছু তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে আরও রিমান্ড চাওয়া হতে পারে।
সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেল শুক্রবার রাতে গলায় ফাঁস নেন জবি শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা।
এ ঘটনায় তার মা তাহমিনা শবনম বাদী হয়ে এই দুই জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলার পর অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে দুজনকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
