দুই আইনজীবীর আদালত অবমাননার আদেশ ২১ এপ্রিল
প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের কর্মসূচি সংক্রান্ত চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে আদালত অবমাননার মামলায় দুই আইনজীবীর বিষয়ে আদেশের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুই আইনজীবী হলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের কর্মসূচি সংক্রান্ত চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এই দুই আইনজীবী।
গত ১৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের কর্মসূচি সংক্রান্ত চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ নিয়ে আদেশের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন রাখেন আপিল বিভাগ। এই সময়ে তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়। সেদিন এ বিষয়ে দুই আইনজীবীর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি আদালত। এরপর তাদের আইনজীবী নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য সময় আবেদন করেন।
