হট্টগোলে ভোট গণনা বন্ধ, পুলিশের হেফাজতে ব্যালট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে হট্টগোল হওয়ায় বন্ধ রয়েছে ভোট গণনা। সিলগালা অবস্থায় ব্যালট রয়েছে পুলিশের তত্ত্বাবধানে । আগামীকাল গণনা হতে পারে।
গত বুধবার শুরু হওয়া ভোট বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। এরপর শুক্রবার ভোরে ভোট গণনা কেন্দ্র করে সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ ও মারধরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতেই ভোট গণনা করা হবে কি না, এ নিয়ে কয়েকজন প্রার্থীর মধ্যে মতবিরোধের জের ধরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন আইনজীবী আহত হন।
নির্বাচন পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরের বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সমিতির মিলনায়তনে তিনি বলেছেন, ‘শুধুমাত্র নাহিদ সুলতানা (যুথী) সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন। তাই তাঁকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হলো।’
জানতে চাইলে আবুল খায়ের বলেন, ‘ভোট গণনা হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে।’
সাদা প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি ভোট গণনা করতে সক্ষম হয়নি। শনিবার ভোট গণনা হতে পারে।’
সমিতির নির্বাচনের তফসিল অনুসারে, ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৭ হাজার ৮৮৩ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৩১৯ জন ভোট দেন। সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি), সদস্য ৭টিসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ জন প্রার্থী হন।
সাধারণ আইনজীবীদের ভাষ্য, সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল (সাদা হিসেবে পরিচিত)। অন্যটি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)।
এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস নির্বাচনে অংশ নেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক নির্বাচনে অংশ নেন। এর বাইরে সভাপতি পদে আরও দুজন, সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে একজন প্রার্থী হন। এর মধ্যে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও নাহিদ সুলতানা সম্পাদক পদে নির্বাচন করেন।
সমিতির গত নির্বাচনে (২০২৩-২৪) উপকমিটির আহ্বায়ক নিয়ে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জের ধরে ভোটের সময় ভাঙচুর, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল।
