পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ, আটক ৪
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে আজ রাত ৮ টার দিকে পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে মার্কেটের ওপর থেকে মিছিল লক্ষ্য করে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করা হয়। এসময় ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেট ঘেরাও করে সেখানে থাকা সন্দেহভাজন চারজনকে আটকে রাখেন। পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল বের করলে আমাদের লক্ষ্য করে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন চারজনকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দিয়েছি। বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়। আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মুক্তিযোদ্ধা মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয়, ঘটনার সময় সেখানে অবস্থানের কারণ এবং এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
