সরকারি মুরগির খামারের সামনের জমি দখল, উদ্ধারে তৎপর সওজ—নীরব খামার কর্তৃপক্ষ
সিরাজগঞ্জ সরকারি মুরগির খামারের সামনে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ভূমি অফিসে কর্মরত দুই সহোদরের বিরুদ্ধে। এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তদন্ত কমিটি গঠন করে জমি জরিপ ও সীমানা চিহ্নিত করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। তবে খামারের সামনের অবশিষ্ট জমি দখলমুক্ত করতে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি খামার কর্তৃপক্ষ।
সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত বুধবার সড়ক বিভাগের কর্মকর্তা এবং সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি মাপজরিপ করেন। এ সময় সড়ক বিভাগের জমি চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লাল দাগ দেওয়া হয়।
সড়ক বিভাগের সার্ভেয়ার আকরাম হোসেন বলেন, “খামারের সামনে আমাদের জায়গা আমরা চিহ্নিত করে উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি। অবশিষ্ট যে জায়গা আছে, সেটি খামারের জায়গা। এখানে ব্যক্তি মালিকানার কোনো জায়গা নেই।”
তিনি আরও বলেন, “ভূমি অফিসে কর্মরত আপন দুই ভাই কীভাবে জমি দখলে নিলেন, কীভাবে তাঁদের বাবার নামে সড়কের জায়গা রেকর্ড করালেন, তা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
এদিকে সরকারি মুরগির খামারের ব্যবস্থাপক বাহলুল বলেন, “খামারের সামনে জায়গা আছে, সড়ক বিভাগের জরিপে বের হয়ে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছি।”
তবে সড়ক বিভাগের জমি চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হলেও খামারের নিজস্ব জমি দখলমুক্ত করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
৬৬ শতাংশ জমি দখলের অভিযোগ
সিরাজগঞ্জ সড়ক বিভাগের ৬৬ শতাংশ জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ভূমি অফিসে কর্মরত দুই সহোদরের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন শাহীন আলম, যিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত, এবং তাঁর ভাই স্বপন, যিনি শিয়ালকোল ভূমি অফিসে কর্মরত।
তথ্য অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল মৌজায় সরকারি মুরগির খামারের সামনে সড়ক বিভাগের এসএ ১৬৫২ দাগে জনসাধারণের জন্য উন্মুক্ত লায়েক পতিত জমি রয়েছে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সড়ক বিভাগের ওই দাগের জমিতে আরএস দাগ বসিয়ে দখলের চেষ্টা করা হচ্ছে।
জমি দখলের অভিযোগের বিষয়ে দুই সহোদরের বক্তব্য জানতে চাওয়া হলেও তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি সড়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাপজরিপের সময়ও তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
সরকারি জমি দখলের অভিযোগে অভিযুক্ত দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সড়ক বিভাগের আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা এবং খামার কর্তৃপক্ষের জমি দখলমুক্ত করার আশ্বাসের পর এখন দেখার বিষয়, সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।
