ছেলের পাত্রী দেখে ফেরার পথে খালে পড়ল সিএনজি অটোরিকশা, প্রাণ গেল বাবার
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন (৫০)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি পড়ে যায় পাশের খালে। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারান হেলাল উদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও চার সদস্য।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাট এলাকায় ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। পাত্রী দেখা শেষে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন তার পরিবারের অন্য চার সদস্যও।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের হাতে-পায়ে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
