বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না: নাসির উদ্দীন পাটোয়ারী
সংগৃহীত ছবি
বাংলাদেশে শান্তি থাকলে ভারতে শান্তি থাকবে, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘মোদি সরকারকে বলব, আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, তার নিশ্চয়তা দিতে পারি না। ভারতীয় আধিপত্যবাদ এ দেশে চলবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা জানি না। তবে ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
তিনি আরো বলেন,অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি, গোলটেবিলে কোনো বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয়, তবে গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা খুনি হাসিনাকে বলে দিতে চাই, সীমান্তে আসার যে দুঃসাহস দেখাচ্ছেন, আপনি আসবেন? আপনাকে আমরা ভারতে ঢুকে ধরে এনে ফাঁসিতে ঝুলাব।
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, গত আট মাসে দেখেছি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পিরিত হয়েছিল। এখন সেই পিরিত কোথায় গেল? আমরা আগেই বলেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। করেছেন, এখন গর্তে পড়েছেন।
এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
