মাদারীপুরে চোর শনাক্তে খাওয়ানো হলো ‘রুটি পড়া’
ঘরের তালা ভেঙে চুরি হওয়া নগদ সাড়ে চার লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে এবং চোর শনাক্ত করতে ফকিরের পরামর্শে সন্দেহভাজন ব্যক্তিদের ‘রুটি পড়া’ খাওয়ানো হয়েছে। মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে সরদারকান্দি এলাকার বাসিন্দা মিঠু সরদারের বাড়ির সদস্যরা একটি দাওয়াতে অংশ নিতে বাইরে যান। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজখবর নিয়েও চুরির কোনো কূলকিনারা করতে পারেননি। অবশেষে এক ফকিরের পরামর্শে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের ডেকে এনে ‘রুটি পড়া’ খাওয়ানোর আয়োজন করা হয়। প্রচলিত কুসংস্কার অনুযায়ী, চুরি করা ব্যক্তি এই রুটি খেতে পারবে না এবং খেলেও তার মুখ দিয়ে রক্ত বের হবে বলে বিশ্বাস করা হয়—যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
এ বিষয়ে ভুক্তভোগী মিঠু সরদার বলেন, এলাকার কেউ এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাঁদের ধারণা। কিন্তু সরাসরি কাউকে না দেখায় এবং অনেক খুঁজেও কোনো সূত্র না পেয়ে ফকিরের পরামর্শে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। কাউকে অপমান করার উদ্দেশ্যে নয়, বরং চোর শনাক্তের আশায়ই এটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা নাদিরা আক্তার জানান, দিনদুপুরে এমন চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। প্রয়োজনে বাড়ির বাইরে গেলেও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। তিনি দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, চুরি বা রুটি পড়া খাওয়ানোর বিষয়ে থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
