প্রেমিকার অভিমান ভাঙাতে শহরে ব্যানার, ‘গরু-মুরগি’র প্রেমে মজেছে নেটদুনিয়া
প্রেমিকার মান-অভিমান ভাঙাতে প্রেমিকরা কত কিছুই না করেন—কেউ ফুল দেন, কেউবা দামি উপহার। তবে সিরাজগঞ্জে এবার দেখা গেল একদমই ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক এক কাণ্ড। প্রিয় মানুষের রাগ কমাতে শহরের একটি স্থানে টাঙানো হয়েছে বিশাল এক ব্যানার। আর সেই ব্যানারের অভিনব ভাষা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ব্যানারটির বিষয়টি সবার নজরে আসে। ব্যানারে প্রেমিক নিজেকে ‘গরু’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং প্রেমিকাকে সম্বোধন করেছেন ‘পোল্ট্রি মুরগি’ বলে। এমন মজার ও অদ্ভুত সম্বোধনের মধ্য দিয়েই প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে অভিমান ভাঙানোর চেষ্টা করেছেন তিনি।
যদিও এই ব্যতিক্রমী প্রেমিকের পরিচয় কিংবা কার রাগ ভাঙাতে এমন আয়োজন করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ব্যানারটির ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় বইছে হাস্যরস ও আলোচনার ঝড়।
ফেসবুকে বিষয়টি নিয়ে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা। আরিফ চৌধুরী মাহিন নামের একজন লিখেছেন, ভালোবাসার সম্পর্কে অভিমান ও ভুল বোঝাবুঝি থাকবেই; তবে তা দূর করার আন্তরিক চেষ্টাই সম্পর্ককে সুন্দর করে।
শাহারিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী রসিকতা করে মন্তব্য করেছেন, সিরাজগঞ্জ এমন ভালোবাসার 'গরু' আর অভিমানী 'মুরগিতে' ভরে উঠুক; মান-অভিমান ও ভালোবাসায় মুখর থাকুক শহরটি। অন্যদিকে, মনিষা নামের এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, এমন ঘটনা আগে জানলে হয়তো সিরাজগঞ্জের কারও প্রেমে পড়ার কথা ভাবতেন তিনি।
ভালোবাসা প্রকাশের জন্য যে সব সময় বড় কোনো আয়োজন বা দামি উপহারের প্রয়োজন হয় না, সিরাজগঞ্জের এই ভাইরাল ব্যানার যেন তারই এক মজার প্রমাণ।
