আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড, দুই মোবাইল জব্দ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে মো. সেলিম মিয়া নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত—দুটি মোবাইল ফোনই জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া মো. সেলিম মিয়া ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, একটি অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে পরিদর্শক সেলিম মিয়ার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় জড়িত থাকার তথ্য উঠে এসেছে। অভিযোগের সত্যতা ও প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
