আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান,ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্যসচিব সাইদুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিবাদ জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
এ সময় নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
