নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ
নেত্রকোণা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার বারান্দার একটি কক্ষে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী বিষয়ক সহসম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে বাসার বারান্দার একটি কক্ষে হঠাৎ আগুন জ্বলতে দেখেন ভেতরে থাকা সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাঁরা আগুন নেভানোর চেষ্টা চালান এবং পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।
ভুক্তভোগী নেতা ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরেই অজ্ঞাত নম্বর থেকে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল, যা তিনি ইতিমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরাই পরিকল্পিতভাবে তাঁর বাসায় আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
