সিঙ্গারা আনতে গিয়ে নিখোঁজ শিশু সাইদুরের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
একটি ছোট্ট শিশুর নিখোঁজ হওয়ার পর ছয়টি দিন কেটেছে উৎকণ্ঠা আর অপেক্ষায়। স্বজনদের আশা ছিল, হয়তো কোনো একসময় ফিরে আসবে ১০ বছরের সাইদুর ইসলাম। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এক হৃদয়বিদারক পরিণতিতে। বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হলো তার নিথর মরদেহ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদুর ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম জহুরা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে সিঙ্গারা আনতে বের হয়েছিল সাইদুর। এরপর আর বাড়ি ফেরেনি সে। ছোট্ট শিশুটির সন্ধানে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান পেতে সহযোগিতাও কামনা করা হয়।
ছয় দিন ধরে স্বজনদের মনে ছিল একটাই প্রত্যাশা—সাইদুর যেন সুস্থভাবে ফিরে আসে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা আর পূরণ হলো না। বাড়ির পাশের সেফটি ট্যাংক থেকেই উদ্ধার হলো শিশুটির মরদেহ। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে প্রবাসে থাকা সাইদুরের বড় ভাই ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি ভাই হত্যার বিচার দাবি করেন। দূর প্রবাসে বসে ছোট ভাইকে হারানোর বেদনায় তার আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়স্পর্শী আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
