মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পিটিয়ে জখম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামে এক ইমামকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের আশক মিয়াজী জামে মসজিদের পাশে এই হামলার ঘটনা ঘটে।
আহত ইমাম বর্তমানে কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশক মিয়াজী জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
আশক মিয়াজী সমাজের সভাপতি মো. মিজানুর রহমান জানান, রিয়াদ গত আট মাস ধরে ওই মসজিদে ইমামতি করছেন। বুধবার রাতে এশার নামাজ পড়ানোর পর তিনি মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক ধর্মীয় মাসআলা জানার কথা বলে তাঁকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান।
মসজিদের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পিটিয়ে তাঁর কপাল, মাথা ও পায়ে গুরুতর জখম করে এবং একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর তথ্যমতে, হামলাকারীদের সবার মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল।
তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, হামলার বিষয়টি এখনো কেউ পুলিশকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
