‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা গ্রেপ্তার
‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণার একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাঁকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে পাশের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসায় মধুখালী থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা-পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা একটি চেক প্রতারণা মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর আদালত বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার বোরহান বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড পোস্ট করে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেন বোরহান। নিজের ছবিসংবলিত ওই পোস্টে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন তিনি। বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে অবরুদ্ধ করার ঘটনায় সঞ্জয় সাহা তাঁকে ‘মবকারী’ আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, বোরহানের বিরুদ্ধে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তাঁর দাবি, তিন-চার মাস আগে কাশিয়ানী এলাকার দুই যুবককে আটকে রেখে মোটরসাইকেল জব্দ ও বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন বোরহান, যা পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে ফেরত দেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি কানখরদির একটি ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি, গত রোববার মুসা চেয়ারম্যানকে আটকে রেখে ১ লাখ টাকা চাঁদা দাবি এবং কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি।
সঞ্জয় সাহা জানান, ফেসবুকে ঘোষণা দিলেও বোরহানের কোনো লিখিত পদত্যাগপত্র উপজেলা বিএনপি পায়নি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি বোরহান মাহমুদকে মধুখালী সদরের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
