স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট: জামায়াত নেতা
স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভারতের এজেন্ট’ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির এ আর হাফিজ উল্লাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্লাহ অভিযোগ করে বলেন, সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাঁর ভাষায়, "স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদে থাকার কোনো অধিকার নেই, তাঁকে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট; শিলংয়ে বসে সাত বছর ধরে তিনি ‘র’-এর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁকে দিয়ে এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতে পারে না।"
দলের ও প্রশাসনের ভেতরে থাকা কথিত এজেন্টদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন করা হলেই কেবল দেশে জাতীয় ঐক্য সম্ভব, অন্যথায় সুদৃঢ় ঐক্য গড়ে উঠবে না। আপনাদের দলের ভেতরে এবং প্রশাসনের মধ্যেও ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে, তাদের চিহ্নিত করতে হবে।"
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কড়া সমালোচনা করে এ আর হাফিজ উল্লাহ বলেন, আওয়ামী লীগ এ দেশে গুম, খুন ও সন্ত্রাসের নায়ক এবং তাদের রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না। এ সময় তিনি মন্তব্য করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন খান এবং রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।
