মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা, গ্রেপ্তার ৩
ছবি সংগৃহীত
মিল্কভিটা চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের বাগেরহাটের বাড়িতে পেট্রোল বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম শামীম, ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ছাত্রলীগকর্মী মেহেদী হাসান রাসেল ও খুলনার লবনচোরা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে যুবলীগকর্মী মাহমুদুন নবী।
বাগেরহাটে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, এই তিনজন গত ১৮ নভেম্বর রাতে মিল্কভিটা চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এর মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পরদিন ১৯ নভেম্বর মিল্কভিটার চেয়ারম্যানের চাচা মোবারক ফকির বাদী হয়ে ফকিরহাট থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। বোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও বোমা ছোড়ার দৃশ্য ধারণ করা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা ছোড়ার কথা স্বীকার করেছে।
