গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মো. জামাল ফকির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে এক সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
পদত্যাগকারী মো. জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তাঁর সম্পূর্ণ অজান্তে ও অনুপস্থিতিতে তাঁকে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ বিষয়ে আগে থেকে তিনি কিছুই জানতেন না।
সাংবাদিকদের সামনে জামাল ফকির বলেন, "কমিটিতে আমার নাম থাকার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সজ্ঞানে ও সশরীরে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিলাম।"
এ সময় ভবিষ্যতে বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও স্পষ্ট জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
