ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শ্রেণিকক্ষে পাঠদান ছেড়ে মিছিল ও সভা-সমাবেশে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের মূল দায়িত্ব ক্লাসে পড়ানো উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বে অবহেলা করে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়টি বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সতর্কবার্তা দেন।
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করে ড. মিলন জানান, পড়াশোনার ক্ষেত্রে কোনো অনিয়ম এবং পরীক্ষায় নকল কোনোভাবেই সহ্য করা হবে না। বহু শিক্ষক নির্ধারিত প্রতিষ্ঠানে ক্লাস না নিয়ে কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ছেন বলে উল্লেখ করে তিনি জানান, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া শ্রেণিকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের রাজনৈতিক মিছিল-মিটিং পরিহার করে পাঠদানে মনোনিবেশ করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষক নেতাদের যোগ্যতার মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, শিক্ষক সংগঠনের নেতৃত্বে আসতে হলে অবশ্যই ভালো ফলাফল ও প্রকৃত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে; ভুয়া বা নকল সনদধারী কেউ শিক্ষক নেতা হতে পারবেন না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ ধরে রাখতে অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্টজনদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
