৮ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেন চলাচল টানা আট দিন ধরে বন্ধ রয়েছে। গত ১৯ নভেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকায় বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক জেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে সড়কপথে যাতায়াত করতে গিয়ে বাড়তি ভাড়া ও অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।
সরেজমিনে বেনাপোল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন চলাচল না থাকায় পুরো স্টেশন এলাকা এখন জনশূন্য ও নিস্তব্ধ। নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। আগে এই ট্রেনে বেনাপোল থেকে মাত্র ৪ ঘণ্টায় এবং যশোর থেকে ৩ ঘণ্টায় ঢাকার কমলাপুরে পৌঁছানো যেত। এখন জরুরি প্রয়োজনে বাসেই গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের।
রেলওয়ের নতুন নির্দেশনা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ট্রেনটি পুনরায় চালুর কথা থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ নতুন করে যাত্রা বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে। বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোছা. পারভীনা খাতুন জানান, গোপালগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত বা তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ঢাকা-বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ও খুলনা-ঢাকা-খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রয়েছে এবং যাত্রা বাতিল হওয়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু আছে।
বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ করা হলেও খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা বিকল্প রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল করবে।
সময়সূচি: ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
যাত্রাবিরতি ও হল্ট: আপ ও ডাউন পথে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি দেবে। এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে হল্ট করবে।
