স্বপ্ন পূরণে হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
নিজের ও পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে ভোলার নিজ গ্রামে ফিরেছেন ফ্রান্স প্রবাসী মো. শাহিন ফকির। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামে হেলিকপ্টারটি অবতরণ করে। গ্রামের পাশের একটি ধানক্ষেতের কাছে হেলিকপ্টার নামার পরপরই স্থানীয়রা নবদম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বর মো. শাহিন ফকির ফকিরকান্দি গ্রামের মো. সিরাজের ছেলে এবং তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। তাঁর নববধূ মারজিয়া আক্তার ঢাকার চিটাগাং রোড এলাকার বাসিন্দা।
বরের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে আনার স্বপ্ন দেখছিলেন শাহিন। পাশাপাশি তাঁর বাবা-মায়েরও ইচ্ছা ছিল, ছেলের বউকে এমন ব্যতিক্রমী আয়োজনে ঘরে তোলার। পরিবারের সেই ইচ্ছা ও নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতেই এই আয়োজন করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে বর শাহিন ফকির বলেন, "জীবনের এই বিশেষ মুহূর্তটিকে সবার চেয়ে একটু ভিন্নভাবে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি। অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব ভালো লাগছে।" এ সময় তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চান।
প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টার নামার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন, আল আমিন ও হাসনাইন জানান, তাঁদের গ্রামে এর আগে কখনো হেলিকপ্টারে করে কোনো নববধূ আনা হয়নি। এমনকি গ্রামে হেলিকপ্টার অবতরণের দৃশ্যও বিরল। তাই এই ব্যতিক্রমী আয়োজন দেখতে এসে তাঁরা বেশ আনন্দিত এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী জানান, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো আয়োজন সম্পন্ন হয়েছে।
