কলেজে গিয়ে ক্লাসে পেলেন মাত্র এক ছাত্রী, শিক্ষকদের ওপর ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান ড. আ ন ম এহছানুল হক মিলন
কলেজের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি মাত্র একজন। বাকি শিক্ষার্থীরা কোথায়, কেন ক্লাসে আসেনি? শিক্ষকদের কাছে এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে এ পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
পরিদর্শনের সময় শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখতে পেয়ে উপস্থিত এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে জানতে চান মন্ত্রী।
তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক জানান, ক্লাসে একজন ছাত্রী উপস্থিত রয়েছে। কলেজে মোট ১৫ জন ছাত্রী আছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে কি না, জানতে চাইলে ওই শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন এসেছে।’
এ সময় আরেক শিক্ষক জানান, তাঁরা নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই কলেজে এসেছেন। ক্লাস শুরুর সময় জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে।
শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহা রয়েছে। তাঁদের ফোন করে ক্লাসে আনতে হয়।
শিক্ষকদের এমন বক্তব্য এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নগণ্য উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
একই সঙ্গে কলেজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
