কুমিল্লার তিতাসে বিজিডিসিএলর অভিযানে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লার তিতাস উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ও নিয়মবহির্ভূত ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১৮টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিজিডিসিএল-এর গৌরীপুর বিক্রয় কার্যালয়ের আওতাধীন তিতাস উপজেলার বাতাকান্দি বাজার (মাজারের দক্ষিণে) ও দক্ষিণ আকালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আনজুম অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজিডিসিএল সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ ও বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় দুটি স্পটে অভিযান চালিয়ে মোট ১৮টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ২টি (৪টি দ্বৈতচুলা), অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৩টি (৯টি দ্বৈতচুলা), অবৈধ বুস্টার ব্যবহার করায় ১টি (১টি দ্বৈতচুলা) এবং নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের অভিযোগে ১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ১১টি আইডেল রাইজারসহ মোট ১৩টি রাইজার কেটে ফেলা হয়েছে।
এ সময় অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের অপরাধে পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিক ৪৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে বিজিডিসিএল-এর ডিজিএম (ভিজিলেন্স) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক (ভিজিলেন্স) রাকিবুল ইসলামসহ সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
