পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে একাধিক পেট্রলবোমা নিক্ষেপ
পাবনা সদর উপজেলার দুবলিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে সামান্য আগুন ধরলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুবলিয়া বাজারের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রলবোমা ছোড়ে। বোমা দুটি বাইরের বারান্দার দেয়ালে আঘাত হানলে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ভবনের দোতলায় থাকা কর্মকর্তারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখার ব্যবস্থাপক তানিয়া খাতুন জানান, পেট্রলবোমার আঘাতে দেয়ালে আগুন ধরে গেলে কর্মকর্তারা দ্রুত তা নিভিয়ে ফেলেন। বড় ক্ষতি না হলেও সবাই কিছুটা আতঙ্কিত। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বাইরে থেকে এই পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
