আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্য করে ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের’ সঙ্গে যোগাযোগ রাখার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃত মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
