মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি!
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফাঁস হওয়া ওই অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত ওই নারী নেত্রীকে নিজের সরকারি বাংলোতে আসতে বলেন ওসি।
কথোপকথনে ওসিকে বলতে শোনা যায়, “যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।” বাংলোতে যেতে কোনো সমস্যা হবে কি না—ওই নারী নেত্রী জানতে চাইলে ওসি বলেন, “ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।” একপর্যায়ে ওই নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
অডিওর অন্য অংশে ওই নারী নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ করে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জবাবে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে গিয়ে চিন্তা করে যোগাযোগ রাখার পরামর্শ দেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি গোপন রাখতে ওসি তাকে বলেছেন বলেও দাবি করেন ওই নেত্রী, তবে ওসি তা অস্বীকার করেন।
জানা গেছে, গত ১০ নভেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ এবং পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের এই ফোনালাপটি ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি গুরুতর অভিযোগ তুলে দাবি করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবি করেছেন তিনি।
অন্যদিকে, শ্লীলতাহানি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি ‘ভিন্ন কৌশল’ অবলম্বন করেছিলেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
