বিকেল ৫টার পর ভিক্ষা করলেই দেড় হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। একই সঙ্গে নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে কারাদণ্ডেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের লোকজনের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ‘ফকির কমিটির’ সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় আর ভিক্ষা করা যাবে না।
নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষাবৃত্তি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ওই ব্যক্তি ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণা দেন এবং কারাদণ্ডের হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
ব্যতিক্রমী এই ঘোষণার পর স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকেই স্থানীয় একটি কমিটির এভাবে জরিমানা বা কারাদণ্ড ঘোষণার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন।
