পাবনায় যৌথ অভিযানে ৪৬৬ বস্তা সার উদ্ধার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বাজারে এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৪৬৬ বস্তা বিভিন্ন ধরনের সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাসিফ।
এ সময় পাবনা এনএসআইয়ের উপপরিচালক লুৎফুল কবীর এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকোল বাজারের মোট ৮ থেকে ১০টি সার গোডাউন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী বাচ্চু মল্লিক, কালাম খান ও হেলাল মোল্লার দোকান ও গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা ৪৬৬ বস্তা ডিএপি, এমওপি ও ইউরিয়া সার উদ্ধার করা হয়।
পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাসিফ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। উদ্ধার করা সার পরবর্তী সময়ে সাদুল্লাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি বিসিআইসি ডিলার আফতাব আলীর কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ ভাবে সার মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, আসাদুজ্জামান কালামকে ১০ হাজার টাকা এবং হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
