বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দিল আওয়ামী লীগ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে টানানো বেশ কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়টিতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করে বলেন, “সারাদেশে আওয়ামী লীগ নতুন করে আগুন-সন্ত্রাস শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে, অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন যুবক বিএনপির কার্যালয়টিতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনের অংশে থাকা ব্যানার ও ফেস্টুনগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নন্দীগ্রাম থানা-পুলিশ।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
