এবার আগরতলা সীমান্তে আ. লীগ নেতারা, প্রতিবাদে আখাউড়ায় বিএনপির অবস্থান
পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলটিতে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে আলোচনা চলছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম।
এদিকে, আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দর এলাকায় আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে এবং যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে বুধবার বিকেল ৪টা থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে গেছে। আমরা খবর পেয়েছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তারা দেশে প্রবেশের চেষ্টা করছে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী তাদের নেতাকর্মীরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে অবৈধভাবে কেউ দেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে।
