চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছতে রং করার অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ব্যাংকটির শাখায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে পালিয়ে যায়। এদিকে, হামলার পর ঘটনাস্থলের আলামত মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ থানা থেকে মাত্র কয়েকশ গজ দূরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখাটি লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। পরে সকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, পেট্রোল বোমা নিক্ষেপের স্থানে আগুনের কালো দাগ ও চিহ্ন ঢাকতে তড়িঘড়ি করে নতুন রং লাগানো হয়েছে। এছাড়া স্থানীয় সাংবাদিকরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কর্মকর্তারা দাবি করেন, সিসিটিভি সেটআপ এখনো সম্পূর্ণ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোক্তার আহমদ বলেন, “মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে কয়েকজন স্টাফসহ বাইরে বের হই। তবে বাইরে কাউকে বা তেমন কিছু দেখতে পাইনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করিনি।” তবে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে বলে তিনি স্বীকার করেন।
এদিকে, এই নাশকতার প্রতিবাদে চন্দনাইশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দলটির নেতাকর্মীদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন বলেন, “পতিত ফ্যাসিস্টদের দোসররা চন্দনাইশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের এসব অপতৎপরতায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েনি।”
এ বিষয়ে বক্তব্য জানতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
