স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, দেশীয় ড্রোনে লক্ষ্যবস্তু ধ্বংস
নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে যৌথ সামরিক মহড়া। এতে স্থল, নৌ ও আকাশপথে সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জাম প্রদর্শন এবং চালকবিহীন আকাশযান (ড্রোন) দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংসের পরীক্ষামূলক মহড়াও অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণদ্বীপে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহড়ায় সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও বিশেষায়িত অপারেশন, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণের সক্ষমতা তুলে ধরা হয়।
এ ছাড়া তিন বাহিনীর সমন্বিত অভিযান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করেন স্পেশাল ফোর্সের সদস্যরা। জটিল পরিস্থিতিতে গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং নিখুঁত সমন্বয়ে অভিযান পরিচালনার দক্ষতাও তুলে ধরা হয়।
একই দিনে সেনাবাহিনীর দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি চালকবিহীন আকাশযান বা ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া পরিচালনা করা হয়।
মহড়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশংসা করে বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, জনবসতিপূর্ণ এলাকায় সামরিক প্রশিক্ষণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে ২০১৩ সাল থেকে প্রতি বছর স্বর্ণদ্বীপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক বনায়ন কর্মসূচিতেও দ্বীপটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
