গাজীপুরে বাসের ধাক্কায় এমপির গাড়ি ক্ষতিগ্রস্ত
গাজীপুরের শ্রীপুরে দুটি যাত্রীবাহী বাসের পাল্লাপাল্লির জেরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের প্রাইভেটকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়না বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী অক্ষত রয়েছেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু সাইদ জানান, ঢাকা-ময়মনসিংহ সাংবাদিক সমিতির সম্মেলনে যোগ দিতে তাঁরা ময়মনসিংহ থেকে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে শ্রীপুরের জয়না বাজার এলাকায় পৌঁছালে ‘সৌখিন পরিবহনের’ একটি বাস তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সড়কে ‘সৌখিন’ ও ‘রফরফ’ পরিবহনের দুটি বাসের মধ্যে বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌখিন পরিবহনের বাসটি সংসদ সদস্যের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে। দুর্ঘটনার পর সংসদ সদস্য অন্য একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রীপুর থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেছে।
